নতুন করে গ্যাস-সংযোগ না দেয়ার আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২২:১৪
নতুন করে কোনো গ্যাস-সংযোগ না দেয়া সংক্রান্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। এর ফলে নতুন করে গ্যাস-সংযোগ দিতে আইনগত কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন এডভোকেট মনজিল মোরসেদ। প্রসঙ্গত, গত পহেলা সেপ্টেম্বর ‘গ্যাস সংযোগ বন্ধ করে দুর্নীতির ক্ষেত্র তৈরি’ ও ৭ সেপ্টেম্বর ‘চট্টগ্রামে নতুন গ্যাসসংযোগ দেয়া হয়েছে ৩০ হাজার!’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে পৃথক দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন দুটির ভিত্তিতে হাইকোর্টে রিট করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী, এখলাস উদ্দিন ভুঁইয়া এবং মাহবুবুল ইসলাম। ওই রিটের শুনানি শেষে হাইকোর্ট রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করে। আদেশে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত নতুন করে কোনো গ্যাস-সংযোগ না দিতে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়। কিন্তু মার্চ মাসে আবেদনকারীপক্ষ হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আবেদন জানায়। গতকাল ওই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আবেদনের পক্ষে মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে সহকারী এটর্নি জেনারেল বশিরউল্লাহ শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট ইতিপূর্বে দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। পরে মনজিল মোরসেদ বলেন, পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে, গ্যাস সংযোগ দেয়ার জন্য মন্ত্রণালয়ে ফাইল পড়ে আছে। সরকার নতুন করে গ্যাস সংযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই জনস্বার্থ বিবেচনা করে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়।