নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ইউসুফ হোসেন লিটন নামের আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার লিটনকে গ্রেপ্তারের পর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, সোমবার বিকালে শহরের চারারগোপ এলাকা থেকে লিটনকে আটকের পর তাকে ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। পরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন-এর আদালতে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে গ্রেপ্তারকৃত রিফান বিন ওসমান হলো লিটনের চাচাতো ভাই।
এদিকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ৬টি টর্চার সেল সুনির্দিষ্টভাবে শনাক্ত করে সেগুলো বন্ধের ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। তাদের অভিযোগ, এসব টর্চার সেলে প্রায় সময়ে মানুষকে নিয়ে চরম নির্যাতন করা হচ্ছে এবং সেখানে মানুষ খুন করা হচ্ছে।
