হরতালের নামে শ্রমিক নির্যাতন-হত্যা ও গাড়ী পোড়ানোসহ ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে নগরীর দুই বাস টার্মিনালে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে পরিবহন শ্রমিকরা। নগরীর রূপাতলী বাস টার্মিনালে জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. সবুর খান সবুজ ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার মানববন্ধনে সকল শ্রমিক সংহতি প্রকাশ করে। এসময় সকল রুটের যানবাহন চলাচল বন্ধ ছিল।
রূপাতলীর মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন এবং নথুল্লাবাদের মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেমায়েত হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক জামাল তালুকদার প্রমুখ। মানববন্ধন শেষে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বরিশাল জেলা প্রশাসক শহীদুল আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর বরাবর স্মারকলিপি দেয়া হয়।
