পাকিস্তানে নির্বাচনী দৌড় থেকে বাদ গেলেন মোশাররফ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২২:১৭
পাকিস্তানের আগামী ১১ মে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অংশ নিতে পারছেন না দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। গতকাল চিত্রাল আসনেও তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে অন্য তিনটি আসনেও তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিকে দেশটির সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফও আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। খবর ডন-এর। সাবেক সেনা প্রধান জেনারেল মোশাররফ করাচি, কাসুর, ইসলামাবাদ এবং চিত্রাল আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার চিত্রাল আসনের (জাতীয় পরিষদের আসন নং-৩২) মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। মোশাররফের আইনজীবী জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করবেন। এর আগে ইসলামাবাদের একটি আসনে তার জমা দেয়া মনোনয়নপত্র বাতিল করে নির্বাচনী আদালত। রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করলে তিনি আদালতে কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেন। পরে সোমবার আদালত তার আবেদন প্রত্যাখ্যান করে। লাহোরের একটি নির্বাচনী আদালত কাসুর আসনে তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। পারভেজ মোশাররফের বিরুদ্ধে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা এবং একজন বিচারককে অবৈধভাবে আটক রাখাসহ কয়েকটি মামলা রয়েছে। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত সপ্তাহে জাতীয় পরিষদের ৫২ নম্বর আসনে দেয়া তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তিনি এর বিরুদ্ধে আদালতে আবেদন করলে তা খারিজ হয়ে যায়। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার করেছেন।