ফটিকছড়িতে চিরুনী অভিযান চালান

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২২:১৮
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া গণতন্ত্র হত্যার জন্যই নির্বাচিত সরকারকে হুমকি দিচ্ছেন। অসাংবিধানিকভাবে ক্ষমতায় যেতে তিনি সেনাবাহিনীকেও উস্কানি দিয়েছেন। কিন্তু সশস্ত্র বাহিনী খালেদা জিয়ার সেই আহ্বানে সাড়া না দিয়ে দেশের সংবিধান অনুযায়ী কাজ করার কথা বলেছে। ফটিকছড়ির ভূজপুরের সহিংসতায় হামলাকারীদের গ্রেফতার করতে ঐ এলাকায় চিরুনি অভিযান চালাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশের জনগণ এই খুনিদের বিচার দেখতে চায়। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফটিকছড়িতে জামায়াত-বিএনপির হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বঙ্গবন্ধু একাডেমি ঢাকা মহানগর শাখা এ আলোচনা সভার আয়োজন করে। ফটিকছড়ির ঘটনায় নিন্দা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, স্বাধীন বাংলাদেশে এমন নির্মমতা হতে পারে তা আমরা কল্পনা করতে পারিনি। ফটিকছড়িতে আগেও এ ধরনের বর্বরতা হয়েছে। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ফটিকছড়ির মতো এ ধরনের হত্যাকাণ্ড করে ক্ষমতায় আসতে পারবেন না। আপনি একমাত্র নেত্রী যে এ ঘটনায় নিন্দা জানাননি। এর আগে জাতীয় পতাকা পোড়ানো, শহীদ মিনার ভাঙ্গা ও সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনাতেও নিন্দা জানাননি। গণতন্ত্রের প্রতি আপনার যে দায়িত্ব তা পালন করছেন না। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, বঙ্গবন্ধু একাডেমির সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।