বোস্টনে ম্যারাথনে বোমা হামলা তিনজন নিহত, আহত দেড়শ’

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২২:১৮
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টনে ম্যারাথনের ফিনিশিং লাইনের কাছে পর পর দু’টো বোমা বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত এবং দেড়শ’ লোক আহত হয়েছে। নিহতদের মধ্যে আট বছরের এক শিশু রয়েছে। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশংকাজনক। বোস্টন ম্যারাথনকে আমেরিকার সবচেয়ে পুরাতন ও সম্মানজনক দৌড় প্রতিযোগিতা হিসেবে গণ্য করা হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কেনো এ ঘটনা ঘটানো হয়েছে সে বিষয়ে মার্কিন কর্তৃপক্ষ কিছু জানে না। অবশ্য দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় সোমবার দুপুরে কোপলি স্কয়ারের কাছে ১২ সেকেন্ডের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটে। এসময় ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অনেককে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যেতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে ৮টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বোস্টনগামী সব ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ ধারণা করছে, বিস্ফোরিত বোমাগুলো দূর নিয়ন্ত্রিত এবং এ কারণে সম্ভাব্য আরো হামলা নস্যাতের জন্য বোস্টনের মোবাইল ফোন সার্ভিস সাময়িক বন্ধ রাখা হয়েছে। একজন সৌদি নাগরিককে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে ছেড়ে দেয়া হয়। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদ শেষে ওই সৌদি নাগরিককে তারা সন্দেহের বাইরে রেখেছেন বরং তিনি পুলিশকে নানাভাবে সহায়তা করছেন। বিস্ফোরণের এক ঘণ্টার বেশি পরে কয়েক মাইল দূরে অবস্থিত জন এফ কেনেডি গ্রন্থাগারে আগুন ধরে। অবশ্য বোস্টনের বিস্ফোরণের ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে পুলিশ মনে করছে। বোস্টন ম্যারাথন প্রতিযোগিতায় সাধারণভাবে ২৫ হাজার দৌড়বিদ অংশ নেন এবং এ প্রতিযোগিতা দেখার জন্য পাঁচ লাখ দর্শক জড়ো হয়ে থাকেন। যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতায় বোমা হামলার ঘটনা এই প্রথম নয়। ২০০১ সালে বহুল আলোচিত নাইন-ইলেভেন হামলার পর বোস্টন ম্যারাথনের সময় বেশ কয়েক দফা বোমা হামলার ঘটনা ঘটেছে। জর্জিয়ার আটলান্টা সেন্টিনিয়াল অলিম্পিক পার্কে ১৯৯৬ সালে বোমা হামলায় ১ জন নিহত এবং শতাধিক আহত হয়। এরিক রবার্ট রুডলফ নামের গর্ভপাত বিরোধী এক কর্মী এ বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছিলেন। অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শোক যুক্তরাষ্ট্রের বোস্টনে ম্যারাথন দৌড় শেষে বোমা হামলায় শিশুসহ তিনজন নিহত ও অনেকের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে গতকাল মঙ্গলবার পাঠানো শোক বার্তায় অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসের নিন্দা করে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি এ ধরনের ঘৃণ্য অপরাধ বিনা শাস্তিতে পার পেতে পারে না। অস্থায়ী রাস্ট্রপতি এ ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো অপর এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি সোমবার বিকালে বোস্টন ম্যারাথনের ফিনিশিং লাইনের কাছে সন্ত্রাসী হামলায় এক শিশুসহ ৩ জন নিহত ও অনেকের আহতের ঘটনায় গভীরভাবে শোকাহত। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানায় এবং মানবতার বিরুদ্ধে এ ধরনের অপরাধের সাথে জড়িতরা ছাড় পেতে পারে না। শোকের এই সময় বাংলাদেশের জনগণ ও সরকার যুক্তরাষ্ট্রের পাশে থাকবে। তিনি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন এফ কেরির কাছে পাঠানো অপর এক শোক বার্তায় বোস্টনে বোমা হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।