পাকিস্তানে ভূমিকম্পে নিহত ৩৪

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২২:১৯
ইরানে গতকাল সোমবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সময়ে কেঁপে উঠে ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্য। ইরানের নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। পাকিস্তানে কমপক্ষে ৩৪ জন নিহত ও ৮০ জন আহত হয়। পাকিস্তান সীমান্ত সংলগ্ন দক্ষিণ-পূর্ব ইরানে অত্যন্ত শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানান। খবর বিবিসি, টাইমস অব ইন্ডিয়া ও ডন-এর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে বলছে, ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৮। ইরানের প্রত্যন্ত সিস্তান বালুচিস্তান প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে। সংস্থাটি জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল পাকিস্তান সীমান্তের কাছে ইরানের খাশ শহর থেকে প্রায় ৫৩ মাইল দূরে। রাজধানী তেহরান থেকে বিবিসির একজন সংবাদদাতা জানান, ইরানে গত ৪০ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যেখানে ভূমিকম্প আঘাত হেনেছে সেই এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। রেডক্রিসেন্টের কর্মকর্তারা বলেন, হেলিকপ্টারে করে ২০টি উদ্ধারকারী দল দুর্গত এলাকায় পাঠানো হয়। মধ্যপ্রাচ্য জুড়ে অনুভূত হয়েছে এই ভূমিকম্প। টের পাওয়া গেছে পাকিস্তানের করাচি ও কোয়েটা শহরে। পাকিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তানের মাসখেলে কমপক্ষে ৩৪ জন নিহত হয়। আহত হয় অন্তত ৮০ জন। বেলুচিস্তানে প্রায় এক হাজার বাড়িঘর, দোকানপাঠ ধংসস্তূপে পরিণত হয়। লোকজন ভবন থেকে নিচে চলে আসে। ভূমিকম্প অনুভূত হলে আবুধাবীতেও লোকজন ভবন থেকে নিচে নেমে আসে। কাতার, দুবাই, বাহরাইনে আকাশচুম্বী ভবন থেকে লোক সরিয়ে নেয়া হয়। ভারতের রাজধানী দিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়। সেখানে বড় বড় ভবন এই ভূমিকম্পে কেঁপে উঠে। রাজধানী ছাড়াও বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। ইরানের ভূমিকম্পে ৪০ জন নিহতের খবর পাওয়া গেলেও সরকার তা অস্বীকার করেছে। পাঁচজন আহত হয়েছে বলে জানানো হয়েছে। ক্রাইসিস সেন্টারের এক কর্মকর্তা জানান, ভূমিকম্পের কেন্দ্র মরুভূমি এলাকায়। সেখানে জনসংখ্যা কম। ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি শহরে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়নি।