আগামী ৫ মে হেফাজতে ইসলাম অবরোধ কর্মসূচির নামে কোন প্রকার নাশকতা সৃষ্টি করলে দেশের ওলামা সমাজ তা কঠোর হাতে দমন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হুসাইন বিন হিলালী। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ ওলামা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
মাওলানা হেলালী বলেন, ইসলামের নামে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কিংবা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে এখন থেকে দেশের ওলামা সমাজ প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বলেন, সরকার ইচ্ছা করলে নির্বাচন কমিশনের আইনে জামায়াতকে নিষিদ্ধ করতে পারে। কোন কারণে, কেন তাদের নিষিদ্ধ করা হচ্ছে না এ নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি স্বাধীন দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের হস্তক্ষেপ করার কোন অধিকার নেই।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফের বাসভবনে ককটেল নিক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের বোমা হামলার ভয় দেখিয়ে লাভ নেই। জ্বালাও-পোড়াও, বোমা হামলা, হত্যাসহ নানা ধরনের ভয় দেখিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করা যাবে না।
