বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২২:২৩
জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত নতুন কমিটিতে স্থান না পেয়ে গতকাল মঙ্গলবার রাতে নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে একটি গ্রুপ ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার পর দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মওলানা ভাসানী মিলনায়তন গলিতে ছাত্রদলের অর্ধশত নেতাকর্মী বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় সেখানে পরপর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা পালিয়ে যায়। ছাত্রদলের একজন নেতা জানান, গত সোমবার আব্দুল কাদের ভুঁইয়াকে সভাপতি ও হাবিবুর রশিদ হাবিবকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ২৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে পূর্ব কমিটির সিনিয়র নেতাদের গ্রুপের কাউকে স্থান দেয়া হয়নি। বিশেষ করে নয়ন গ্রুপ ও বাবুল গ্রুপের কোন নেতাকর্মী কমিটিতে স্থান পায়নি। ছাত্রদলের একটি অংশ সোমবার রাত থেকেই নতুন এই কমিটির বিরোধিতা করে। তারই ধারাবাহিকতায় পদ বঞ্চিত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে ভাসানী গলিতে জড়ো হয়ে বিক্ষোভ করে। ঐ সময় ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটে। পল্টন থানার ওসি গোলাম সারোয়ার জানান, ছাত্রদলের দলীয় কোন্দলের জের ধরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।