খুলনায় ভারতীয় হাইকমিশনারের গাড়ি লক্ষ্য করে বোমা হামলার কোন বিষয় প্রমাণিত হয়নি। এ নিয়ে গঠিত পুলিশের তদন্ত কমিটির প্রধান খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আবুল বাশার তালুকদার জানিয়েছেন, তদন্তে ভারতীয় হাইকমিশনারের গাড়ি লক্ষ্য করে বোমা হামলার কোন বিষয় প্রমাণিত হয়নি। ঘটনার পরের দিন জামায়াত-শিবিরের হরতাল থাকায় আতংক সৃষ্টির জন্য এ বোমা হামলার ঘটনা ঘটে বলে তদন্ত দল মনে করছে।
এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন গতকাল মঙ্গলবার দুপুর তিনটার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. সফিকুর রহমানের কাছে দাখিল করা হয়।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল (শুক্রবার) রাতে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন। তিনি যখন সভা করছিলেন তখন রাত সোয়া ৮টার দিকে তাকে বহনকারী গাড়ির অদূরে তিনটি হামবোমা বিস্ফোরিত হয়। এ ঘটনার পর ১৩ এপ্রিল উপ-পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদারকে প্রধান এবং সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) টি এম মোশাররফ হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে ১৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
