নওগাঁর রানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মাস্টার হত্যা মামলার আসামি ১০ চরমপন্থিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং অপর ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছে রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার বিকালে ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী জনাকীর্ণ ট্রাইব্যুনালে এই রায় দেন।
মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত ১০ আসামিরা হলেন—মোস্তাফিজুর রহমান রিপন ওরফে দৈত্য বাবু, নজরুল ইসলাম, রাসেল ইসলাম ডাবলু, মোনাক্কার হোসেন ছোটন, তুফান সোনার, আলম সর্দার, বাবর আলী, কামরুল ইসলাম জ্যাক, শাহিন ওরফে ফয়সাল, রবিউল ইসলাম। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে মোস্তাফিজুর রহমান ওরফে দৈত্য বাবু, মোনাক্কার হোসেন ও শাহিন ওরফে ফয়সাল পলাতক।
উল্লেখ্য, ২০০৩ সালের ২৩ জুন রাত ৮টার দিকে নওগাঁর রানীনগর স্টেশনে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সদস্যরা আমজাদ হোসেন মাস্টারকে বাসের মধ্যে জবাই করে হত্যা করে।
