পাঁচ প্রশ্ন

ইরেশ যাকের

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ১৯:২৯
অভিনয়ের দক্ষতা ও মেধা দিয়ে দর্শকদের সামনে নিজেকে তুলে ধরেছেন নানা চরিত্রে। সবার পরিচিত এই মেধাবী অভিনেতার নাম ইরেশ যাকের। শুরু থেকেই নানা চরিত্রেই নিজেকে ভেঙে আবার গড়েছেন, এর মাধ্যমেই চরিত্রের সঠিক তত্ত্ব তুলে ধরেছেন দর্শকদের সামনে। নানান ধরনের চরিত্রে সহজেই নিজেকে মানিয়ে নেওয়া এই গুণী শিল্পী এবার মুখোমুখি হয়েছেন আমাদের পাঁচ প্রশ্নের। তার সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার কেমন যাচ্ছে আপনার সময়টা? শুধু ক্যারিয়ারের কথা বলতে গেলে বরাবরই আমি পজেটিভ কিন্তু সামষ্টিক অর্থে এই সময়টা নেগেটিভ। দেশের বর্তমান পরিস্থিতি প্রতিটি পেশাজীবীর জন্যই অসহনীয়। একটি অনিশ্চয়তায় ভুগছে সবাই। বর্তমান দেশে বিদ্যমান পরিস্থিতি আমাকে অনেকটা বিমর্ষ করে তুলছে। সময়ই মানুষকে বলে দেয়, কোন দিকে যেতে হবে। হয়তো এই সংকটময় পরিস্থিতি সহজভাবেই শেষ হবে। বর্তমানে ব্যস্ততা কী নিয়ে? বর্তমানে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে আমার অফিস নিয়েই। এ ছাড়া বিভিন্ন উপলক্ষে বিশেষ নাটকগুলোতে অভিনয় করছি। আমি আসলে বরাবরই নিজেকে দেখতে চেয়েছি ভালো কাজের একজন অভিনেতা হিসেবে। সব মিলিয়ে একক ও ধারাবাহিকে কাজ করছি সমান গতিতে। কোন ধরনের নাটকে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? অভিনয়ের সুযোগ রয়েছে এমন যেকোনো চরিত্রেই অভিনয় করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু সব কিছুর আগে আমি গুরুত্ব দিই নাটকের স্ক্রিপ্ট। কেননা আমরা সকলেই যতই ভালো অভিনয় করি না কেন নাটকের মূল আবহ নির্ভর করে স্ক্রিপ্টের উপর। আর বর্তমানে আমাদের স্ক্রিপ্টের মধ্যে অনেক বৈচিত্র্য এসেছে। জীবন ঘনিষ্ঠ নানা চরিত্রেই অভিনয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। নাটকের মাঝে অতিরিক্ত বিজ্ঞাপন দেখানো সম্পর্কে আপনার মতামত জানতে চাই। একজন অভিনেতা হওয়ার পাশাপাশি আমি একটি বিজ্ঞাপনী সংস্থার সাথেও জড়িত। বিজ্ঞাপন ছাড়া সবকিছুই প্রচার সম্ভব না। নাটকে অতিরিক্ত বিজ্ঞাপন দেখানোর বিষয়টি নাটকের স্বকীয়তা নষ্ট করে। এ ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ থেকে শুরু করে বিজ্ঞাপনী সংস্থাসহ সকলকেই আরও আগ্রহী হতে হবে। আপনার নাগরিক আনন্দ-বেদনা কতটুকু? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অবশ্যই আমার গর্বের জায়গাটি অনেক বিশাল। কিন্তু আমার বেদনা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। তবে আশার ব্যাপার হচ্ছে তরুণরা তাদের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে। সামাজিক যোগাযোগ সাইটগুলোতেও রাজনীতি নিয়ে এখন অনেক সচেতন আলোচনা করছে তারা। নানা প্রতিকূলতার মাঝেও আমাদের দেশ এগিয়ে যাবে এমনটাই আশা করছি।