বাকৃবির সাংস্কৃতিক সন্ধ্যায় ‘প্রতিধ্বনি’

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ১৯:৩০
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গত ১১ এপ্রিল সন্ধ্যায় দর্শকদের মন মাতালো বিশ্ববিদ্যালয়ে সদ্য আত্মপ্রকাশ করা সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিধ্বনি’। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ‘প্রতিধ্বনি’ আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূইয়া উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতেই দেশীয় যন্ত্রসংগীত বাজিয়ে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরা হয়। এরপর আবৃত্তি করে শোনান কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী অধ্যাপক মোছা. জান্নাতুন নাহার মুক্তা। গান পরিবেশন করেন একই বিভাগের লেকচারার দেবাশীষ রায় এবং বিভিন্ন অনুষদের শিক্ষার্থী বিল্লাহ, হানি, ইশিতা, মেঘলা, শম্পা ও তুহিন। সবশেষে রায়া ও তার দল নৃত্য পরিবেশন করেন। উল্লেখ্য, বাংলা শিল্প সাহিত্যকে লালন করে সুস্থ ধারার সাংস্কৃতিক পরিবেশ তৈরির লক্ষ্যে বাকৃবিতে গত ৬ এপ্রিল ১৯ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে প্রতিষ্ঠা লাভ করে সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিধ্বনি’। প্রতিষ্ঠা লাভের মাত্র ৫ দিন পরে এ রকম সুন্দর ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করাই নতুন এ সাংস্কৃতিক সংগঠনটি ইতোমধ্যে ক্যাম্পাসের দর্শক-শ্রোতাদের মনে নতুন করে স্থান করে নিয়েছে।