কুষ্টিয়া

বর্ণিল আয়োজনে কুমারখালিতে বর্ষবরণ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ১৯:৩০
বৈশাখের খরতাপ উপেক্ষা করে বৈশাখী গামছা মাথায় বেঁধে বর্ণিল আয়োজনে বর্ষবরণে মেতে উঠে কুমারখালিবাসী। এতে জাতি, ধর্ম নির্বিশেষে সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন। বর্ণিল আনন্দের ঘনঘটায় বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুমারখালিতে এবার উদযাপিত হলো পহেলা বৈশাখ। শহর, শহরতলী ও প্রতিটি ইউনিয়নের সর্বস্তরের মানুষ বাঙালির প্রাণের উত্সবে মেতে ওঠে। সকালে কুমারখালি পৌরসভা চত্বরে শহরের সর্বস্তরের মানুষ জড়ো হয়। এখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে হাজার হাজার নারী, পুরুষ, কিশোর-কিশোরী, বৃদ্ধ-বৃদ্ধা অংশগ্রহণ করে। নেতৃত্ব দেন কুমারখালি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান অরুণ। শোভাযাত্রায় বিভিন্ন সাজে সেজে ছিল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শেষে হয় পৌরসভা কার্যালয়ে এসে। এখানে সকলকে খাওয়ানো হয় দই ও চিড়া। বেলা সাড়ে ১১টায় কুমারখালি পৌর শিশুপার্কে সাত দিনব্যাপী বৈশাখী মেলা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ কুমারখালি-খোকসা আসনের এমপি বেগম সুলতানা তরুণ। উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ প্রমুখ। মেলা মঞ্চে প্রতিদিন চলছে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে হরেক রকমের গান, বাজনা ও নৃত্য।