কুমিল্লা

কণ্ঠযোদ্ধাদের পঁচিশ বছরে কণ্ঠসাধনের পরিবেশনা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ১৯:৩১
কুমিল্লায় কণ্ঠযোদ্ধাদের পঁচিশ বছর উপলক্ষে চান্দিনার কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ পরিবেশন করেন ‘ত-তে তুই রাজাকার’। ‘জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে’ স্লোগান নিয়ে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের রজতজয়ন্তীর এই উত্সব দেশের ৭টি অঞ্চল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, মাদারীপুর ও কুমিল্লাসহ ২২টি জেলার ২২টি সংগঠন গত ১২ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয়। উত্সব আয়োজনে কুমিল্লায় কবিতাপ্রেমীদের ঢল নামে। চৈত্রের শেষ বিকেলে কণ্ঠযোদ্ধারা যেন কবিতাকে জয় করেছেন। কবিতাপ্রেমীরা মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করে মুক্তির জয়গান গেয়েছেন। তারা পতাকা মিছিল আর মোমবাতি প্রজ্বলন করে সব অপতত্পরতাকে দূর করে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। উত্সবে চান্দিনার কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদের আবৃত্তি শিল্পীরা সারওয়ার হোসেন নাঈমের গ্রন্থনা ও নির্দেশনায় পরিবেশন করেন ‘ত-তে তুই রাজাকার’। এতে অংশগ্রহণ করেন আজহার, রূপম, তানিয়া, বিথী, কাইউম, ইভা, তৃষা ও ফাহাদ। বেলা ৩টায় শহরের কান্দিরপাড়ের বীরচন্দ্র নগর মিলনায়তনে ওই উত্সবের উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল।