বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, মেলা, নাটক, সংগীতানুষ্ঠান, নৃত্য এবং বাঙালি কৃষ্টির সাথে মিল রেখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পয়লা বৈশাখ-১৪২০-কে বরণ করে নেয় রাজবাড়ীর গোয়ালন্দবাসী। এ উপলক্ষে পয়লা বৈশাখ উদ্যাপন পর্ষদের আয়োজনে শহীদস্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে, কুমড়াকান্দি টেনু ফকিরের আঙ্গিনা, দৌলতদিয়া রেলস্টেশন চত্বর, কাটাখালি, কুটি পাচুরিয়া, উজানচর, বালিয়াডাঙ্গা, দেবগ্রাম, ছোটভাকলাসহ উপজেলার বিভিন্নস্থানে দিনব্যাপী অনুষ্ঠান চলে। এ ছাড়া দৌলতদিয়ায় মাসব্যাপী এবং কুমড়াকান্দি টেনু ফকিরের আঙ্গিনায় সপ্তাহব্যাপী শুরু হয়েছে বৈশাখী মেলা। রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কলে¬াল, উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছরোয়ার হোসেন অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকেন। বৈশাখী উত্সব উপলক্ষে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উত্সাহ ও উদ্দীপনা দেখা যায়।
