সম্প্রীতির বন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়সহ নানা আয়োজন বিপুল উত্সাহ উদ্দীপনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ-১৪২০ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পহেলা বৈশাখের দিন পালিত হয়েছে। এ উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে প্রশাসন চত্বরে। আয়োজনের মধ্যে ছিল সকালে বাঙালির প্রিয় খাবার পান্তা-সরিষা ইলিশ, ডালের ভর্তাসহ বিভিন্ন মুখরোচক খাবারের আয়োজন। এ দিকে উপজেলা প্রশাসনের সবুজ চত্বরে বেলা ১১টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। শিল্পকলা একাডেমী এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে কবি আসাদুজ্জামান বাবুলের রচনায় বিশিষ্ট চিত্র ও সংগীত শিল্পী খন্দকার হুমায়ুন কবীরের পরিকল্পনা এবং পরিচালনায় মঞ্চায়িত হয় নাটক ‘আলোর পথে যাত্রী’। এরপর ‘এসো হে বৈশাখ এসো এসো’ এই গানের মধ্য দিয়ে শুরু হয় শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী চলে এ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, সালমা সালাম উর্মি, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর,মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুন, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, বিআরডিবির ভাইস চেয়ারম্যান ও মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল প্রমুখ। উপজেলার ভারতেশ্বরী হোমস, পাকুল্লা, জামুর্কি, গোড়াই, আনাইতারা, ওয়ার্শি, বানিয়ারা, ফতেপুর, আজগানা ও বাঁশতৈল এলাকায় বর্ষবরণ উপলক্ষে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল জমজমাট বলে জানা গেছে।
