বৈধ পথে অর্জিত অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ১০ শতাংশ জরিমানার বিধান বাতিলের প্রস্তাব করেছে আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রিহ্যাব মনে করে, বিনিয়োগের ক্ষেত্রে জরিমানা না নিয়ে শুধু প্রযোজ্য কর কর্তন করা হোক। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান সংগঠনের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া। এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে খাত ভিত্তিক এ আলোচনায় নির্মান, রাবার ও প্লাস্টিক খাতের প্রতিনিধিরা তাদের প্রস্তাব উপস্থাপন করেন।
লিয়াকত আলী ভূঁইয়া বলেন, অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগ সহজ করা হলে টাকা বিদেশে পাচারের হাত থেকে রক্ষা পাবে। এছাড়া আবাসন খাতে কর ও ফি হ্রাস করা, এ খাতের উদ্যোক্তাদের আয়করের নতুন হার নির্ধারণ, কর অবকাশ, সম্ভাব্য ক্রেতাদের জন্য বিশেষ তহবিল গঠন করা, জেনারেটর ও বিদ্যুত্ উত্পাদনের যন্ত্রপাতি আমদানির উদ্যোগ উত্সাহিত করা, গৃহ নির্মানকালে ইন্ডাস্ট্রিয়াল হারে ইউটিলিটি ফি নির্ধারণ করা এবং নতুন করে ভ্যাট আরোপ না করার প্রস্তাব দেয়া হয়।
আলোচনায় অংশ নিয়ে অটো রি-রোলিং এন্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন রড উত্পাদনের কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্ক ১ হাজার ৫০০ টাকার স্থলে ১ হাজার টাকা করা, অগ্রিম কর ও পিএসআই প্রথা থেকে অব্যাহতি দেয়ার প্রস্তাব করে। স্টিল মিলের বিলেট উত্পাদনের বিভিন্ন উপকরণের উপর বিদ্যমান শুল্ক, অগ্রিম কর ও অগ্রিম ভ্যাট প্রত্যাহার ক্ষেত্র বিশেষে কমানোর প্রস্তাব করেছে। এছাড়া রড তৈরিতে স্থানীয় যোগানদারের কাছ থেকে ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান ৪ শতাংশ ভ্যাট প্রত্যাহার, বিক্রয়ের ক্ষেত্রে টার্নওভারের পরিবর্তে নিট লাভ বা ক্ষতি বিবেচনা করে বিদ্যমান দশমিক ৫ শতাংশের স্থলে দশমিক ২৫ শতাংশ হারে আয়কর নির্ধারণের প্রস্তাব করা হয়।
সিরামিক ওয়্যার অ্যাসোসিয়েশন এ খাতের কাঁচামাল আমদানিতে শুল্ক বিদ্যমান ৫ শতাংশের স্থলে ৩ ও ১২ শতাংশের স্থলে ৫ শতাংশ করার প্রস্তাব করে।
আলোচনায় আরো অংশ নেন সি আর কয়েল শিট ম্যানুফেকচারার এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, আয়রন এন্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, পাথর ব্যবসায়ী সমিতি, স্টিল মিলস ওনার্স অ্যাসোসিয়েশন, স্টিল পাইপ ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন, স্টিল বিল্ডিং ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের প্রনিনিধিরা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য ফরিদ উদ্দিন, সৈয়দ আমিনুল করীম, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, প্রথম সচিব ও প্রধান বাজেট সমন্বয়কারী আল আমিন প্রামাণিক, এফবিসিসিআইয়ের পরিচালক আব্দুল হক প্রমুখ।
