তারা মিউজিকের পাশে কলকাতার শিল্পীরা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২০:৪৯
কলকাতার অন্যতম মিউজিক চ্যানেল তারা মিউজিক বন্ধ ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছিল গত প্রায় কয়েকদিন ধরেই। দুই বাংলার মূল ধারার শিল্পীদের নিয়ে এই চ্যানেলটি খুবই অল্প সময়ের ভেতরে জনপ্রিয় হয়ে উঠেছিল শ্রোতা-দর্শকদের কাছে। কিন্তু বিজ্ঞাপন ও অন্যান্য প্রতিযোগিতার কারণে অবশেষে চ্যানেলটির স্টাফরাই ঘোষণা দিয়ে বন্ধ করার উপক্রম করেছিলেন। কিন্তু টিভি স্ক্রিনে এই ঘোষণা দেখে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় চ্যানেলটির পাশে দাঁড়ানোর কথা বলেন। তিনি একটি চিঠির মাধ্যমে জানান যেকোনো সহযোগিতায় তিনি পাশে থাকবেন। অতঃপর চ্যানেলটি স্ক্রল করে মুখ্যমন্ত্রীর এই সহযোগিতার কথা তুলে ধরেন। এই খবর ছড়িয়ে যাওয়ার পর খুব দ্রুত চ্যানেলের প্রতি সহযোগিতায় ছুটে আসেন কলকাতার শিল্পীবৃন্দ। জনপ্রিয় কণ্ঠশিল্পী ইন্দ্রানী সেন বলেন, ‘দর্শকেরাই তারা মিউজিকের শক্তি। তাই এই চ্যানেলের অগণিত দর্শকেরাই এই চ্যানেলটি বন্ধ হতে দেবে না।’ লোপামুদ্রা বলেন, ‘তারা মিউজিক আমাদের মূল ধারার সংগীত বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে চ্যানেলটির এমন খবরে সত্যিই মর্মাহত হয়েছি। তবে আমাদের মুখ্যমন্ত্রী যে পাশে দাঁড়িয়েছেন এটাই সবচেয়ে আশার খবর।’ তারা মিউজিকের এই সাম্প্রতিক অবস্থা প্রসঙ্গে চ্যানেলটির সাবেক অনুষ্ঠান প্রধান রেশমী রায় বলেন, ‘আমি চ্যানেলটির সাথে সম্পৃক্ত থেকেছি। চ্যানেলটি যেকোনো মূল্যে আমাদের ধরে রাখতে হবে। তবে শিল্পীরা যে পাশে দাঁড়িয়েছেন এটাই সবচেয়ে আশার বিষয়। একটি চ্যানেল শিল্পীবান্ধব হতে অনেক সময় লাগে। তারা মিউজিক খুব কম সময়ে সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।’