থাইল্যান্ডের দেয়া বুদ্ধমূর্তি কক্সবাজার ও চট্টগ্রামের বৌদ্ধ বিহারে হস্তান্তর

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:০৭
থাইল্যান্ডের দেয়া ৩৫টি বুদ্ধমূর্তি মঙ্গলবার বিকালে কক্সবাজার ও চট্টগ্রামের ৩৩টি বৌদ্ধ বিহারে হস্তান্তর করা হয়েছে। রামুর সীমা বৌদ্ধ বিহারে আয়োজিত এক অনুষ্ঠানে কক্সবাজারের রামু ও উখিয়ার ১৭টি এবং চট্টগ্রামের পটিয়া ও সীতাকুণ্ডের ১৬টি বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের কাছে এসব বুদ্ধমূর্তি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থাইল্যান্ডের বৌদ্ধধর্ম সুরক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক ও থাই সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ফ্রাথেপ বিশুদ্ধি। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রিয় রত্ন মহাথের, বৌদ্ধ নেতা নাগসেন ভিক্ষু, তরুণ বড়ুয়া ও প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রমুখ। অনুষ্ঠানে থাইল্যান্ডের মেজর জেনারেল তংকাউয়ে, কক্সবাজারস্থ ১৭ ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার রহমান, ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট খালেকুজ্জামান, রামু গ্যারিসনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জায়েদ, কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়াসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, থাইল্যান্ড থেকে পাঠানো এ মূর্তিগুলোর উচ্চতা তিন থেকে ১৫ ফুট। গত ২৯ সেপ্টেম্বর রাতে একদল উগ্রবাদী রামুর ১২টি বৌদ্ধবিহার ও ৩০টির বেশি বসতঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরদিন উখিয়া ও টেকনাফে আরো সাতটি মন্দিরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।