রাজশাহীতে শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি

এইচএসসির পদার্থবিদ্যা ১ম পত্র পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করুন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:০৮
চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার পদার্থ বিজ্ঞান ১ম পত্রের লিখিত পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণের দাবি জানিয়েছেন রাজশাহীর শিক্ষার্থী ও অভিভাবকরা। গত মঙ্গলবার মহানগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ১৯ এপ্রিল অনুষ্ঠিতব্য পদার্থ বিজ্ঞান ১ম পত্র পরীক্ষাটি ৩০ এপ্রিলের পর গ্রহণের দাবি জানায়। একই দাবিতে গত সোমবার দুপুরে পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা রাজশাহী শিক্ষাবোর্ড কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য পদার্থ বিজ্ঞান ১ম পত্রের পরীক্ষা হরতালের কারণে ১৯ এপ্রিল গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু ১৮ এপ্রিল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্ভিদবিজ্ঞান বিষয়ের পরীক্ষা রয়েছে। একটি পরীক্ষায় অংশগ্রহণের পরদিন পদার্থ বিজ্ঞানের মতো একটি কঠিন বিষয় রিভিশন মাত্র এক রাতে সম্ভব নয় বলে দাবি করে শিক্ষার্থীরা জানান, দীর্ঘ দুই বছর অধ্যয়নের পর শুধু পরীক্ষার আগে রিভিশনের সময় না পাওয়ায় তাদের পরিশ্রম ব্যর্থতায় পর্যবসিত হওয়ার এবং গ্রেডিং বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীরা দাবি করেন, আগামী ৩০ এপ্রিল রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা এবং পরবর্তী পরীক্ষার মধ্যে দীর্ঘ ব্যবধান রয়েছে। ফলে পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা ১৯ এপ্রিলের পরিবর্তে ৩০ এপ্রিলের পর ২/৩ দিনের ব্যবধানে পুনঃনির্ধারণ করলে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। এসময় রাজনৈতিক দলগুলোকে এইচএসসি পরীক্ষার দিনে হরতাল না দেয়ার জন্যও আহ্বান জানানো হয়।