ভাঙ্গায় সরকারি কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:০৯
বুধবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুইজন অগ্নিদগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে অগ্নিকাণ্ডে ঘরের মূল্যবান আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেছে। প্রায় ঘন্টাকালব্যাপী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় জনতা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ভাঙ্গা পৌরসভার হিসাব রক্ষক কাওছার মিয়া উপজেলা পরিষদের আবাসিক ভবনে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। বুধবার সকালে তার স্ত্রী কনা কাওছার ও গৃহকর্মী নাহার বেগম রান্না ঘরে গ্যাস সিলিন্ডার পরিবর্তন করার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে ঘরে আগুন ছড়িয়ে পড়লে কনা কাওছার ও নাহার বেগম অগ্নিদগ্ধ হয়। কাওছার মিয়ার চিত্কারে পাশের বাসিন্দারা এসে রান্না ঘরের ভেতর থেকে অগ্নিদগ্ধ দুইজনকে উদ্ধার করেন। প্রথমে তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিত্সক জানিয়েছেন, তাদের দুইজনের শরীরের ৮০ ভাগ পুড়ে যাওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।