নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি মোফাজ্জল হোসেন মোফার পালসার মোটর সাইকেল অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার সকালে সিংড়া উপজেলার বিনগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সিংড়া থানায় ছিনতাইকারী সন্দেহে মন্টু মিয়া (৪০), পিতা মোবারক হোসেন, সাং- বিনগ্রাম, কামাল হোসেন (৪০), পিতা আমজাদ হোসেন, সাং- দেওগাছার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তিনি।
ভিপি মোফাজ্জল হোসেন জানান, দুর্গাপুর হাটের ইজারার হাওলাত নেয়া টাকা দেয়ার উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে আমার সঙ্গীয় আব্দুল আজিজ ও তমালকে নিয়ে পালসার মোটর সাইকেলসহ বিনগ্রাম এলাকায় পৌঁছলে এলাকার চিহ্নিত মন্টু, কামাল ও অপরিচিত আরও ১০/১৫ জন পথরোধ করে এবং অস্ত্র দেখিয়ে আমার কাছ থেকে নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ও মোটর সাইকেল ছিনিয়ে নেয়। তিনি আরও বলেন, ছিনতাই হওয়ার পর সিংড়া থানার ওসিকে বিষয়টি জানাই। ওসি আমাকে জানিয়েছে, মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের ধরার চেষ্টা করা হচ্ছে। সিংড়া থানার ওসি এ.এইচ.এম. ফয়জুর রহমান বলেন, ছিনতাইয়ের একটি অভিযোগ পেয়েছি। তা রেকর্ড হয়নি। তবে মোটর সাইকেল উদ্ধারের ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
