চাটমোহরে ট্রেনের তেল চুরি অব্যাহত

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:৫০
পাবনার চাটমোহর উপজেলার ৩টি রেল স্টেশন এলাকায় ট্রেন থেকে তেল চুরি চলছে অপ্রতিরোধ্য গতিতে। রেলওয়ে পুলিশ, বিভাগীয় কর্মকর্তা কিংবা স্থানীয় পুলিশ কেউই এ ব্যাপারে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না। প্রতি মাসেই বিপুল অংকের টাকার তেল চুরি করছে শক্তিশালী চোরাকারবারী চক্র। রেলের তেল চুরির সাথে ট্রেনের কতিপয় স্টাফ ও এলাকার প্রভাবশালী চক্র জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে। চাটমোহর থানা পুলিশের সাথে কথিত ‘বিট’ সিস্টেম চালু করে এই ব্যবসা চলছে। অনুসন্ধানে জানা গেছে, চাটমোহর রেল স্টেশনের পূর্বপাশে আউট সিগনাল থেকে চোঙ ব্রিজ পর্যন্ত এবং পশ্চিম পাশে রেলক্রসিং থেকে সিঙ্গা জোলা পর্যন্ত প্রতিদিন বিভিন্ন রুটের ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেস, লোকাল, মেইল ও মালবাহী ট্রেন থেকে অবাধে তেল চুরি করা হচ্ছে। এছাড়া উপজেলার গুয়াখড়া ও গফুরাবাদ স্টেশনের আশপাশ থেকে প্রকাশ্যে তেল চুরি করা হচ্ছে। একাধিক সূত্র জানায়, চোরাকারবারীরা বেশীরভাগ মাল ট্রেন ও লোকাল ট্রেন থেকে তেল চুরি করে থাকে। এ জন্য নির্দিষ্ট স্থানে ট্রেন থামানো হয়। ট্রেনের অসাধু কর্মচারীরা পলিথিন কিংবা প্লাস্টিক কনটেইনারে তেল ভরে তুলে দেয় চোরাকারবারীদের হাতে। চাটমোহর উপজেলার মহরমখালী, রেলবাজার, বামনগ্রাম, দাথিয়া কয়রাপাড়া এলাকার কতিপয় অসাধু ব্যক্তি এই তেল চুরির সাথে জড়িত। সম্প্রতি র্যাবের অভিযানে তেলসহ চোরাকারবারী আটক হবার পর বেশ কিছুদিন তেল চুরি বন্ধ ছিল। এখন আবার শুরু হয়েছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মো. হাবিবুল ইসলাম তেল চুরির বিষয়টি জানেন না বলে জানান।