সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জাতিসংঘের পাঁচ সংস্থার

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২২:০১
সিরিয়ায় চলমান সহিংসতার ‘নিষ্ঠুরতা ও হত্যাযজ্ঞ’ বন্ধ করতে আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের পাঁচটি সংস্থার নেতৃবৃন্দ। সেইসাথে এ সমস্যার রাজনৈতিক সমাধান বের করার আবেদন জানান তারা। তাছাড়া দেশটি থেকে সকল মানবিক সাহায্য প্রত্যাহার করে নেয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন সংস্থাগুলোর নেতারা। গত সোমবার তারা এক যৌথ বিবৃতির মাধ্যমে এসব কথা জানান। জাতিসংঘ ইমারজেন্সি রিলিফ কো-অরডিনেটরের ভ্যালেরি আমস, বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক আর্থারিন কুসিন, জাতিসংঘ শরণার্থী কমিশনের এন্টোনিও গুটারিস, জাতিসংঘ শিশু তহবিলের নির্বাহী পরিচালক এন্থোনি লেক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব মার্গারেট চ্যান এ বিবৃতিতে স্বাক্ষর করেন। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, নিরাপত্তা ও বাস্তব কিছু সীমাবদ্ধতার কারণে দেশটিতে তাদের আরো কাজ করার সক্ষমতা কমে আসছে। দেশটিতে যেহারে নির্বিচারে হত্যাযজ্ঞ চলছে তা আরো বাড়ার আগেই আন্তর্জাতিক সমপ্রদায়ের উচিত একটি কার্যকর রাজনৈতিক সমাধান খুঁজে বের করা। এদিকে তাদের এই আহ্বানের একদিন পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে গত মঙ্গলবারের আগ পর্যন্ত সংগঠিত অপরাধের জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদ সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে। সাধারণ ক্ষমা ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।