আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে হেফাজতে ইসলাম। তারা দেশের ৭টি বিভাগীয় শহরে শানে রেসালত সম্মেলনের আয়োজন করেছে। এরই অংশ হিসাবে আগামী ২৬ এপ্রিল চট্টগ্রামে শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন সফল করতে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাওলানা লোকমান হাকিমের নেতৃত্বে ৫১ সদস্য বিশিষ্ট শানে রেসালত বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। নগরীর লালখান বাজার মাদ্রাসায় গতকাল বুধবার অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কমিটি গঠন করা হয়। শানে রেসালতসহ ঢাকা অবরোধ কর্মসূচিতে বাধা দিয়ে ইসলাম প্রিয় জনগণের সঙ্গে সংঘাতে না জড়াতে সভায় হেফাজতে ইসলামের নেতারা সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন। সভায় বক্তারা বলেন, হেফাজতে ইসলামের আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। এটি ঈমান রক্ষার আন্দোলন। হেফাজতের কর্মসূচিতে বাধা দিলে প্রমাণ হবে সরকার নাস্তিক-মুরতাদদের বাঁচাতে ইসলাম প্রিয় জনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। হেফাজত নেতারা আগামী ৫ মের আগে ১৩ দফা মেনে নিতে সরকারের প্রতি পুনরায় আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের নগর সভাপতি হাফেজ তাজুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—যুগ্ম মহাসচিব মাওলানা মইনুদ্দীন রুহী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ। তারা লালদীঘি ময়দানের পরিবর্তে দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে শানে রেসালত সম্মেলন করতে পুলিশের কাছে অনুমতি চেয়েছে বলে হেফাজত সূত্র জানায়।
