এশিয়ার প্রভাবশালী ব্যক্তি

শীর্ষে জিনপিং সোনিয়া রাহুল মনমোহন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২২:৪৩
বিশ্বে প্রভাব রয়েছে এশিয়ার প্রভাবশালী এমন ১০০ জনের তালিকায় শীর্ষে স্থান পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর এ তালিকায় শীর্ষ পাঁচজনের মধ্যে রয়েছেন ভারতের কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং। মঙ্গলবার লন্ডনে বার্ষিক এশিয়ান অ্যাওয়ার্ডস টপ-১০০ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির। তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন সোনিয়া গান্ধী। তালিকায় থাকা সোনিয়া সম্পর্কে বলা হয়েছে, তিনি কংগ্রেসের সভাপতি এবং ইউপিএ জোটের চেয়ারপার্সন। তিনি দেশটির উচ্চকক্ষ লোকসভা এবং রাজ্যসভা নিয়ন্ত্রণ করেন। তিনি দেশটিতে ব্যাপক শক্তিশালী। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং আছেন তৃতীয় স্থানে। প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের একশ কোটি ২০ লাখ প্রজাকে শাসন করছেন এবং তার শাসনে থাকা দেশটির জিডিপি রয়েছে প্রায় দুই ট্রিলিয়ন ডলার। এজন্য তিনি তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন। রাহুল গান্ধীর স্থান পাঁচ নম্বরে। তার ক্ষেত্রে যুক্তি দেয়া হয়েছে, তিনি আগামীতে ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন। তালিকায় ভারতের ৩৯ জন, চীনের ১৫ এবং ফিলিপাইনসের ৬ জনের নাম রয়েছে। রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরাই তালিকায় বেশি প্রভাব বিস্তার করেছেন।