৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৮ হাজার ৬৯৩ জন পরীক্ষার্থী। চার হাজার ২০৬টি শূন্য পদ পূরণে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে ১২ মে। গতকাল বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়। পিএসসির অফিসিয়াল ওয়েব সাইট www.bpsc.gov.bd-তে উত্তীর্ণ পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে। এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ফলাফল জানা যাচ্ছে। এ জন্য এসএমএস অপশনে গিয়ে BCS লিখে স্পেস দিয়ে ৩৩ লিখে আবার স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
পিএসসির ওয়েবসাইটে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১২ মে অথবা কাছাকাছি কোনো সময়ে শুরু হবে। প্রথমদিকে কারিগরি ও পেশাগত পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।
উল্লেখ্য, চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ১ জুন প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ ৯৩ হাজার ৫৯ জন পরীক্ষার্থী অংশ নেন। গত ডিসেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
