ধর্ম বর্ণ লিঙ্গ গোষ্ঠী নির্বাচনী প্রচারণায় আনা যাবে না

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২২:৪৫
পাকিস্তানে আগামী মাসের জাতীয় পরিষদে নির্বাচন উপলক্ষে ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং গোষ্ঠীর ভিত্তিতে প্রচারণা চালানো যাবে না বলে প্রার্থীদের সতর্ক করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। বিশেষ করে রাজনৈতিক দলগুলো ধর্মের ভিত্তিতে কারো বিরুদ্ধে প্রচারণা চালাতে পারবে না। আগামী ১১ মে দেশটির জাতীয় পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর ডন-এর। নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনৈতিক দল, তাদের প্রার্থী এবং সমর্থকদের উদ্দেশে বলেন, ধর্ম, বর্ণ এবং সাম্প্রদায়িকতার ভিত্তিতে বক্তব্য প্রদান থেকে সবাইকে অবশ্যই বিরত থাকতে হবে। এসব বিষয়ে বক্তব্য দিয়ে ভোটারদের মধ্যে আবেগ সৃষ্টি করা যাবে না। রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীদের অবশ্যই সংবিধান অনুযায়ী জনগণের অধিকার এবং স্বাধীনতাকে গুরুত্ব দিতে হবে। প্রার্থীদের নির্বাচনী আইন লঙ্ঘন করে ভোটারদের ঘুষ দেয়া এবং ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। এক প্রশ্নের জবাবে কর্মকর্তা বলেন, পাকিস্তানের গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭৬-এর ৭৮ ধারা অনুযায়ী ঘুষ দিয়ে কাউকে প্রভাবিত করলে তিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন। একই ধারায় অভিযুক্ত হবে ধর্ম, বর্ণ, গোষ্ঠী এবং লিঙ্গের ভিত্তিতে প্রচারণা চালালে। মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে সিদ্ধান্তহীনতা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচনের আগে তার বিরুদ্ধে মামলা চলবে না, মামলা আপাতত স্থগিত থাকবে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। মোশাররফকে নির্বাচনে সুযোগ দিতে হলে অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে আদালতের কাছে আবেদন করতে হবে। ইতোমধ্যে মোশাররফের চারটি আসনে জমা দেয়া মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় মোশাররফের আগাম জামিনের মেয়াদ আগামী ২৪ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।