ট্রানজিট, জলবিদ্যুত্ কেন্দ্র স্থাপন ও মানুষের যাতায়াতে সুবিধা বৃদ্ধিসহ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ত্রিদেশীয় বৈঠক শুরু হচ্ছে আজ। বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে এসব সহযোগিতা বাড়ানো নিয়ে ত্রিদেশীয় যৌথ কর্ম পরিষদের প্রথম এই বৈঠক বসছে ঢাকায়। বাংলাদেশ, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও ভুটানের উদ্যোগে যৌথ জলবিদ্যুত্ প্রকল্প ও পানি ব্যবস্থাপনা নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের দু’দিনের এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
এ সাব কমিটির আহ্বায়ক এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিমল চন্দ্র সাহা বলেন, তিন দেশের বিদ্যুত্ চাহিদা মেটাতে এই জলবিদ্যুত্ প্রকল্পগুলো কোথায় হতে পারে, উত্পাদিত বিদ্যুতের ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ের প্রাথমিক আলোচনা হবে এ বৈঠকে। এছাড়া ত্রিদেশীয় পানি ব্যবস্থপনা বিষয়ও গুরুত্ব পাবে দুদিনের এ বৈঠকে। পাশাপাশি ভুটান স্থলবেষ্টিত দেশ বিবেচনায় বাংলাদেশের সমুদ্র, নদী ও স্থল বন্দরগুলো ভুটানকে ব্যবহার করতে দেয়ার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া পর্যটনসহ অন্য সুবিধা বাড়াতে সরাসরি সড়ক পথে বাংলাদেশ থেকে ভারত হয়ে ভুটান যাওয়ার ট্রানজিট নিয়েও আলোচনা হবে। আলোচনা হবে রেলপথ, সড়কপথের উন্নয়ন এবং নৌপথ ও বিমান যোগাযোগের সম্ভাবনা ও সুযোগ-সুবিধা নিয়েও।
উল্লেখ্য, ২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর ঢাকা সফরকালে এই বৈঠকের বিষয়ে কাঠামোগত একটি চুক্তি হয়। এই চুক্তির পর পানি ও বিদ্যুত্ বিষয়ক বাংলাদেশ-ভারত-ভুটান যৌথ ওয়ার্কিং গ্রুপের এটি প্রথম বৈঠক। রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
