দীঘিনালায় ব্রাশফায়ারে জনসংহতি সদস্য নিহত

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২২:৪৮
খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নে পূর্ণচন্দ্র কার্বারী পাড়ায় মঙ্গলবার ভোর রাতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে পার্বত্য চট্টগ্রাম জনসংতি সমিতি এমএন লারমা গ্রুপের কালেক্টর ও যুব সমিতির সদস্য শান্তিমনি চাকমা ওরফে জামাল্যা (২৮) ঘটনাস্থলে নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে এমএন লারমা গ্রুপ এ ঘটনার জন্য জেএসএস (সন্তু লারমা) গ্রুপকে দায়ী করেছে। শান্তিমনি চাকমা দীঘিনালা বড় মেরুং জালবান্দা এলাকার ইন্দ কুমার চাকমার ছেলে। অপরদিকে তার সাথে থাকা পূর্ব শান্তিপুরের যুতিজ কার্বারী পাড়ার বাসিন্দা লাইব্যাদি চাকমা ওরফে সিড্যা এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে দীঘিনালা থানার তদন্ত পুলিশ সকালে লাশটি উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। পরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শান্তিমনি ও লাইব্যাদি চাকমা পূর্ণচন্দ্র কার্বারী পাড়ার গান্দিময় চাকমার বাড়িতে বেড়াতে যায়। বুধবার রাত সাড়ে তিনটার দিকে একদল যুবক গান্দি চাকময়রে বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় শান্তিমনি চাকমার উপর ব্রাশ ফায়ার করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।