আসুন, আকাশবিহীন একটি পৃথিবীর কথা ভাবি পাতালবিহীন।
নিজেই সর্বেসর্বা সে পৃথিবীর
আসুন বৃষ্টিবিহীন একটি পৃথিবীর কথা ভাবি
...সূর্যবিহীন
বাতাসবিহীন সে পৃথিবীতে বেঁচে থাকি স্বয়ং স্বয়ম্ভূ।
আসুন, নিজেই জন্ম নিই নিজেই জন্ম দিই
নিজেই নিজের মতো বাঁচি।
কেবল বিশ্বাসী হই নিজেই নিজের কর্মে
কেবলই প্রেমিক সাজি নিজের
কোথাও বিশ্বাসী নই নিজের অস্তিত্ব ছাড়া
অনস্তিত্বে দৃঢ় নিঃসংশয়।
আসুন, জবাবদিহিহীন একটি জীবন যাক
একদিন হয়ে যাই অস্তিত্ববিহীন।
জড়ের জীবন নেই, জড়ের বিনাশ নেই
কেবল জড়ত্ব থেকে জড়ত্বে বিলীন।
