ইসরাইলের পর্যটন নগরী ইলাতে বুধবার দুটি রকেট হামলা হয়েছে। খোলা জায়গায় আঘাত হানার কারণে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। মিসরের সিনাই থেকে এ রকেট হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। —খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ঘটনার পর এলাকাটিতে সতর্কাবস্থা জারি করেছে ইসরাইল। শহরটি থেকে বিমান ওঠা-নামা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া, শহরটির নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। লোহিত সাগরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইলাত এ এর আগেও মিসর এবং জর্ডান থেকে জঙ্গিদের রকেট হামলা হয়েছে। মিসর এবারের ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। ওদিকে হামলার কয়েক ঘণ্টা পর ছোট্ট একটি জঙ্গি সালাফি গ্রুপ ‘দ্য মুজাহিদীন শুরা কাউন্সিল’ তাদের জিহাদি ওয়েবসাইটে বলেছে, তারা ইলাতে দুটো রকেট ছুঁড়েছে। প্রায় ৫০ হাজার মানুষ শহরটিতে বসবাস করে। তাছাড়া, প্রতিবছর প্রায় লাখো পর্যটক এ শহরে ভ্রমণ করে।
