থ্যাচারের শেষকৃত্যে বিশ্ব নেতাদের শ্রদ্ধা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৪৯
ব্রিটেনের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের শেষকৃত্য বুধবার কঠোর নিরাপত্তার মধ্যে লন্ডনে সম্পন্ন হয়েছে। সেন্ট পলস ক্যাথিড্রালে এই শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন রানী এলিজাবেথ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অতিথিসহ দুই হাজারেরও বেশি লোক। খবর বিবিসি ও রয়টার্সের। অনুষ্ঠানের শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং থ্যাচারের ১৯ বছর বয়সী নাতনি আমানদা বাইবেল পাঠ করেন। ক্যামেরন বলেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একজন মহান নেতাকে উপযুক্ত সম্মান জানানো হয়েছে। ২০০২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের মায়ের শেষকৃত্য অনুষ্ঠানের পরে মার্গারেট থ্যাচারের শেষকৃত্যই সবচেয়ে জাঁকালভাবে পালন করা হলো। কঠোর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে লন্ডনের কেন্দ্রে চার হাজার পুলিশ নিয়োগ করা হয়।