ভারতের কর্নাটকে বিজেপি অফিসের বাইরে বোমা হামলায় পুলিশসহ ১৬ জন আহত হয়েছেন। আহতদের ১১ জনই পুলিশ। ভারতের একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেন, প্রাদেশিক নির্বাচনকে ব্যাহত করার জন্য এই বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর ডন সংবাদপত্রের। দক্ষিণাঞ্চলের কর্নাটক রাজ্যের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অফিসের সামনে একটি মোটর সাইকেলে বোমা পেতে রাখা হয়। রাজ্যটি শাসন করছে বিজেপি। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর অশোক সবাইকে ধৈর্য ধরার উপদেশ দিয়ে বলেন, এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। বেঙ্গালোরের মালেশ্বরমে সকালে এই বোমা হামলা হয়।
অশোক বলেন, আমাদের দলের সদস্যদের টার্গেট করেই এই হামলা চালানো হয়। ২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারতে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তবে বিশেষজ্ঞদের মতে সেখানে তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রয়েছে। মোটর সাইকেলটির পাশেই পুলিশ ভ্যানটি অবস্থান করছিল। আগামী ৫ মে কর্নাটকে নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার ছিল মনোনয়নের শেষ দিন। প্রথমে পুলিশ জানায়, সেখানে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। পরে জানায়, সেখানে বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। নিরাপত্তা বিশেষজ্ঞদের আশংকা কর্নাটকে জঙ্গি হামলার ঝুঁকি দিন দিন বাড়ছে।
