সংবাদ কণিকা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫০
গবেষণাগারে ডার্ক ম্যাটার বিজ্ঞানীদের কাছে এতদিন যা অধরা ছিল, সেই ডার্ক ম্যাটারের উপস্থিতির ইঙ্গিত এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ভূগর্ভস্থ গবেষণাগার থেকে। পদার্থবিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের এক চতুর্থাংশ জুড়ে রয়েছে ডার্ক ম্যাটার, যা ‘দেখার’ সৌভাগ্য এতদিন হয়নি বিজ্ঞানীদের। অবশেষে মার্কিন গবেষণাগারে সেই রহস্যময় ডার্ক ম্যাটারের উপস্থিতির ইঙ্গিত মিলেছে, এমনটাই জানানো হয়েছে বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে। বিটমূল রক্তচাপ কমায় এক কাপ বিটমূলের (গাজর জাতীয় কন্দ) রস সেবন করলে রক্তচাপ কমে আসে বলে জানিয়েছেন বার্টস ও লন্ডন স্কুল অব মেডিসিন এন্ড ডেন্টিস্ট্র’র গবেষকরা। ১৫ জন রোগীর ওপর চালানো গবেষণাটি চিকিত্সাবিজ্ঞান বিষয়ক ‘হাইপারটেনশন’ সাময়িকীতে প্রকাশ করা হয়েছে। গবেষণায় দেখা যায়, আড়াই মিলিলিটার বিটমূলের রসে ১০ মিলিমিটার পারদ পর্যন্ত উচ্চরক্তচাপ কমে। বেশিরভাগের ক্ষেত্রে তিন থেকে ছয়ঘন্টা পরই এর কার্যকারিতা দেখা গেছে। বিটমূলে থাকা নাইট্রেটই রক্তচাপ কমায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নাইট্রেট রক্ত ধমনীতে রক্তপ্রবাহ স্বাভাবিক করতে সাহায্য করে। কটু মন্তব্যে মন্ত্রিত্ব বাতিল নারী নেত্রীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার কারণে শেষ পর্যন্ত মন্ত্রীর পদ ছাড়তে হলো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের আদিবাসী কল্যাণমন্ত্রী বিজয় শাহকে। বুধবার সকালে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে পদত্যাগপত্র জমা দেন এই মন্ত্রী। খবরে বলা হয়, বিজয় শাহ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন নেতা। গত রবিবার মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চলে জাবুযা জেলায় আদিবাসী ছাত্রীদের গ্রীষ্মকালীন শিবিরের একটি অনুষ্ঠানে নারীদের সম্পর্কে তিনি আপত্তিকর মন্তব্য করেন। তিনি মুখ্যমন্ত্রীর স্ত্রী সাধনা সিংসহ বিজেপির কয়েকজন নারী নেত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক উক্তি করেন। - খবর টাইমস অব ইন্ডিয়ার।