মু খো মু খি

নোবেল-মৌ জুটিকে দর্শকরা আবার ফিরে পাবে

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫১
আপনার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে বলুন। আমার বর্তমান, অতীত ও ভবিষ্যত্—এই তিনটার ব্যস্ততা শুধুই অফিস। আর মিডিয়াতে তো খুব একটা ব্যস্ততার সঙ্গে কাজ করি না, কখনও করিনি। তবে খুব শীঘ্রই নতুন দুটি বিজ্ঞাপনের কাজ করব। দুইটি ভিন্ন ভিন্ন পণ্য, এর মধ্যে একটির শুটিং আগামী শুক্র ও শনিবার হবে। এটি একটি স্যান্ডো গেঞ্জির বিজ্ঞাপন। এতে আমার কো-আর্টিস্ট হিসেবে থাকছেন চিত্রনায়িকা নিপুণ। আমি তো গতানুগতিক ধারার বা গল্পের কাজ করি না, একটু ভিন্নতা চাই। চেষ্টা করি দর্শকদের ভালো কিছু উপহার দিতে। সেই জায়গা থেকে এই বিজ্ঞাপনটিও অতীতের সব স্যান্ডো গেঞ্জির বিজ্ঞাপন থেকে একেবারেই ভিন্ন হবে। দেশ-বিদেশে এ পর্যন্ত অনেকেই তো করেছেন, আমি আশা করছি আমারটা তাদের সবার চেয়ে একটু ভিন্ন হবে এবং গ্রহণযোগ্যতাও পাবে। মডেলিংয়ে এখনও আপনিই শীর্ষ, এর পর একজন মডেল হিসেবে আপনার কাছাকাছি পর্যায়েও কেউ নেই। এর কারণ কী বলে মনে হয় আপনার? কেউ আসেনি ঠিক তা নয়। আমার আগেও অনেকে মডেলিং করেছেন, এখনও করছেন, আগামীতেও করবেন। ইমন-নিরবরা করছে, তারা ভালোও করছে। তবে উত্তরটা আমি এভাবে বলতে চাই যে, মডেলিং করতে এসে পুরোপুরি মডেলিংয়ে কেউই থাকছেন না। যখনই একটু গ্রহণযোগ্যতা পায়, তখনই মডেলিং থেকে সরে গিয়ে নাটক-সিনেমায় ব্যস্ত হয়ে যায়। তখনই মডেলিংয়ে গ্যাপটা সৃষ্টি হয়, তাই নিজেকে একজন মডেল হিসেবে সফলতা পায় না। তবে ওই যে, নাটক বা সিনেমা, সেখানে সফলতা পায়। একটা সময় আপনি আর মৌ ছিলেন টিভি পর্দার সেরা জুটি। তারপর এমন কোনো জুটি আর দেখাও যায়নি, এমনকি আপনাদের জুটিটিও পরবর্তীতে সেভাবে চোখে পড়েনি। ভবিষ্যতে কী নোবেল-মৌ জুটিকে দেখা যেতে পারে? মৌ খুবই ভালো একজন মডেল, অনেক গুণী মডেল। একটি নতুন প্রজেক্ট নিয়ে কথা চলছে। খুবই বড় মাপের একটি বিজ্ঞাপনের কাজ হবে এটি। তারা আমাদের এই জুটিটি নিয়েই ভাবছেন। এখন গল্প, পরিচালনাসহ বাকি সবকিছু যদি মিলে যায় তাহলে আশা করছি নোবেল-মৌ জুটিকে দর্শকরা আবার পর্দায় ফিরে পাবে। আপনি তো বিভিন্ন উত্সব এলেই নাটক-টেলিফিল্মে অভিনয় করে থাকেন। এ প্রসঙ্গে কিছু বলুন। এই তো গেল পহেলা বৈশাখে একটা কাজ করলাম। উত্সব উপলক্ষেই নাটক-টেলিফিল্মে কাজ করি। নাটকটা আমার পক্ষে নিয়মিত করা সম্ভব নয়। আর আমি করতেও চাই না। চাকরি করি তো, নাটকে ওইভাবে সময় দেওয়াও আমার পক্ষে সম্ভব নয়। তাই ছুটির দিনগুলোকে কাজে লাগিয়ে বিশেষ দিনগুলোর জন্য কাজ করি। আর আমি মডেল থেকে নাট্যাভিনেতা হতে চাই না, মডেলই থাকতে চাই। তবে মজার জিনিস হলো, এই হাতে গোনা কাজের মধ্যে অনেক বেশি রেসপন্স পাই দর্শকদের। এখন তো আমাদের চলচ্চিত্রে শিল্পে অনেক ভালো ছবি নির্মাণ শুরু হয়েছে। চলচ্চিত্রের সংখ্যাও বাড়ছে। চলচ্চিত্র নিয়ে আপনি কিছু ভাবছেন কি? হ্যাঁ, আসলেই এখন আমাদের অনেক ভালো চলচ্চিত্র হচ্ছে। এটা আমাদের দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য সুসংবাদ। তবে চলচ্চিত্রে কাজ প্রসঙ্গে আমি এখনই কিছু ভাবছি না। আমাদের চ্যানেলে এখন দেশীয় মডেলের বিজ্ঞাপনের চেয়ে বিদেশি বানানো বিজ্ঞাপনগুলো বাংলায় ডাবিং করে চলছে। এই বিষয়টি নিয়ে একজন মডেল হিসেবে কী বলবেন? এ নিয়ে আমারও আক্ষেপ অনেক, এটা মোটেও ঠিক হচ্ছে না। বাইরের অ্যাড যতই ভালো হোক না কেন, স্টার যতই বড় মাপের হোক না কেন। নিজের দেশে নিজেদের নির্মাতার মাধ্যমে বিজ্ঞাপন বানানো উচিত। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর রেজিওনাল অফিস এগুলো নিয়ন্ত্রণ করে। আসলে আমাদের দেশের অ্যাড এজেন্সিরও দোষ দেওয়া যায় না। সব রেজিওনাল অফিসগুলো ভারতে অবস্থিত। ভারত থেকে তারা বিজ্ঞাপন পাঠায় এবং বলে যে, নতুন বিজ্ঞাপন এখনও রেডি হয়নি, এটি নিয়ে আপাতত চালানো শুরু করেন। আমাদের চ্যানেল এবং অ্যাড অ্যাজেন্সিওয়ালার কীই বা আর করবে। তবে এটা পরিবর্তন করার জন্য যথাযথ সংশ্লিষ্ট মহলের উদ্যোগ নেওয়া উচিত।