জয় পেয়েছেন নাদাল-জোকোভিচ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২১:৩১
গত বুধবারের রাফায়েল নাদাল মন্টে কার্লো মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে ম্যারিঙ্কো ম্যাতোসেভিচকে হারিয়ে টুর্নামেন্টে তার টানা ৪৩তম জয়টি তুলে নিয়েছেন। দিনের অন্য ম্যাচে জয় পেয়েছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচও। টুর্নামেন্টের গত আটটি আসরের চ্যাম্পিয়ন নাদালের সামনে তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ম্যাতোসেভিচকে। প্রথম সেটে প্রতিপক্ষকে ৬-১ গেমে উড়িয়ে দেয়ার পরে দ্বিতীয় সেটে এই স্প্যানিয়ার্ড পিছিয়ে পড়েছিলেন ২-০ ব্যবধানে। যদিও ম্যাচের শুরুতে মনে হচ্ছিল বড় ধরনের কোনো চ্যালেঞ্জ ছাড়াই জিততে চলেছেন নাদাল। তবে পিছিয়ে পড়লেও দুইটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে ঠিকই ম্যাচে ফিরে আসেন তিনি। শেষ পর্যন্ত এই সেটটিও জিতে নেন ৬-২ গেমে। পরিসংখ্যান যদিও বলছে, টানা নবম শিরোপার লক্ষ্য নিয়ে মন্টে কার্লোতে খেলতে আসা নাদাল ম্যাচে সহজ জয়ই পেয়েছেন, তবে নিজের পারফরমেন্সে মোটেই খুশি নন তিনি। তিনি বলেন, ‘দ্বিতীয় সেটের প্রথম গেমে আমি আমার সেরা খেলাটা খেলতে পারিনি। সে (ম্যাতোসেভিচ) ভাল খেলেছে এবং সেজন্যই ব্রেক পয়েন্টটা পেয়েছে।’ এর পাশাপাশি নাদালকে কথা বলতে হয়েছে তার হাঁটুর ইনজুরি নিয়েও। যদিও এ ব্যাপারে কথা বলতে তার অনাগ্রহই চোখে পড়লো সবার। তিনি বলেন, ‘হাঁটুর ইনজুরি সম্পর্কে এত বেশি কথা বলা কারো জন্যই ইতিবাচক কিছু নয়। আমার প্রতিপক্ষ, টুর্নামেন্ট কারো জন্যই এটা ইতিবাচক কিছু নয়। যেটা হয়েছে সেটা নিয়ে এখন এত কথা বলে লাভ নেই।’ এদিকে সব অনিশ্চয়তা এবং শঙ্কা কাটিয়ে অবশেষে টুর্নামেন্টে খেলতে নামা জোকোভিচও প্রত্যাশিত জয় পেয়েছেন দ্বিতীয় রাউন্ডে। প্রথম রাউন্ডে বাই পাওয়ার পরে দ্বিতীয় রউন্ডে ‘জোকার’ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন মিখাইল ইয়ুঝনিকে। তবে ইনজুরির কারণেই হয়তো সহজ প্রতিপক্ষকে হারাতেও যথেষ্ট বেগ পেতে হয়েছে সার্বিয়ান তারকাটিকে। দুই ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে ৪-৬, ৬-১, ৬-৪ গেমে তিনি হারিয়েছেন ইয়ুঝনিকে। ম্যাচ শেষে নিজের পারফরমেন্সের চেয়ে কোর্টে নামতে পারার স্বস্তিই ঝড়লো জোকোভিচের কণ্ঠে, ‘আজকে কঠিন একটা পরীক্ষা ছিল আমার জন্য। আমার গোড়ালি এখন আশঙ্কামুক্ত। আমি পরবর্তী রাউন্ডে পৌঁছে গেছি—এটাই মূল ব্যাপার।