চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রায় তিনশ’ কোটি মিনিট আন্তর্জাতিক ইনকামিং কল চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এটি করা হয়েছে অবৈধ ভিওআইপি’র মাধ্যমে। জানা গেছে, বিগত অর্থবছরের শেষ তিনমাসে প্রায় পাঁচশ’ কোটি মিনিট আন্তর্জাতিক কল এসেছিল। তার আগের কোয়ার্টারগুলোতেও কমবেশি এমনি ছিল কলের পরিমাণ। কিন্তু সর্বশেষ কোয়ার্টারে এসে কাগজপত্রে পাঁচশ’ কোটি মিনিট ইনকামিং কলের স্থলে দেখানো হয়েছে মাত্র ২৯০ কোটি মিনিট। বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রশ্ন ওঠে। এভাবে হঠাত্ কল কমে যাওয়ার কারণ সনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি। এছাড়া বৈঠক থেকে সকল প্রকার অবৈধ কল টার্মিনেশন প্রতিরোধ করতে মনিটরিং কার্যক্রম জোরদার করার জন্য বিটিআরসিকে পরামর্শ দেয়া হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের আন্তর্জাতিক ইনকামিং কল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটির সামনে ইনকামিং কলের রেকর্ড উপস্থাপন করা হয়। এতে দেখানো হয়, ওই তিন মাসে ২১০ কোটি মিনিট ইনকামিং কল হয়েছে। তবে কি কারণে ইনকামিং কল কম হয়েছে সে সম্পর্কে কোন কিছু বলা হয়নি। এ কারণে বৈঠকে কল কমে যাওয়ার কারণ দ্রুততার সাথে শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।
সূত্র আরো জানায়, কমিটি সকল প্রকার অবৈধ কল টার্মিনেশন প্রতিরোধ করার ব্যাপারে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার জন্য বিটিআরসিকে সুপারিশ করেছে। টেলিযোগাযোগ সেক্টরের সকল বকেয়া আদায়সহ এ সেক্টর থেকে রাজস্ব আয় যাতে আরো বাড়ানো যায় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে কমিটি। বিটিসিএল-এর কাজের গতি বাড়াতে প্রতিষ্ঠানটিতে সকল শূন্যপদ পূরণেরও সুপারিশ করা হয়েছে।
বিটিসিএল-এর পক্ষ থেকে বৈঠকে কমিটিকে অবহিত করা হয়, টেলিযোগাযোগ আইনে ভিওআইপি ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান চিহ্নিত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটি সার্বক্ষণিকভাবে ভিওআইপি বিরোধী অভিযান পরিচালনা ছাড়াও নিয়মিত টেলিযোগাযোগ স্থাপনা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।
প্রসঙ্গত, বৈধপথে সহজে ও কম খরচে বিদেশ থেকে কল গ্রহণ ও কল করার সুযোগ দিতে ৮৪৪টি প্রতিষ্ঠানকে ‘ভিওআইপি সার্ভিস প্রভাইডার’ (ভিওআইপি) লাইসেন্স প্রদান করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ২০০৯ সাল থেকে অবৈধ ভিওআইপি’র ঘটনায় এ পর্যন্ত ৬২টিরও বেশি মামলা হয়েছে। এসব মামলায় অনেকে গ্রেফতারও হয়েছেন।
মো. আবদুছ ছাত্তারের সভাপতিত্বে বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, মো. আবদুল কুদ্দুস, মো. আবদুল ওদুদ, নজরুল ইসলাম বাবু এবং খালিদ মাহ্মুদ চৌধুরী অংশ নেন। বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয় সংশ্লি¬ষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
