শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার দিগম্বর বৈশাখী মেলায় বুধবার রাতে দুর্বৃত্তদের গুলিতে মজিবর সিকদার (৪০) নামে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো চারজন। নিহত মজিবর সিকদার মহিষার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তিনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সৈনিকও। আহতদের প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ গুরুতর আহত রফিক বেপারীকে (২৮) বুধবার গভীর রাতে চিকিত্সার জন্য ঢাকা কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত ৯টার দিকে মেলার আবুল হোসেনের দোকানে বসে মহিষার গ্রামের মজিবর সিকদার মেলার দোকানী ও স্থানীয় লোকজনদের নিয়ে গল্প করছিলেন। এ সময় ৭ থেকে ৮টি মোটর সাইকেল যোগে আসা ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এই ঘটনায় অন্য গুলিবিদ্ধরা হলেন কাঞ্চলপাড়া গ্রামের আবুল হোসেন (৬০), মহিষার গ্রামের আক্তার শেখ (৩৫), একই গ্রামের বাকপ্রতিবন্ধী হাসু শেখ (৪০)। এই ঘটনার পর জেলা প্রশাসনের নির্দেশে মেলা বন্ধ করে দেয়া হয়েছে। জেলা প্রশাসক রাম চন্দ্র দাস ও পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত বিএনপি নেতা মজিবর সিকদারের স্ত্রী বিউটি আক্তার অভিযোগ করেছেন, পূর্ব শত্রুতার জের ধরে এলাকার প্রতিদ্বন্দ্বীরা তার স্বামীকে হত্যা করেছে।
