হেফাজতে ইসলামের মহাসমাবেশ কাল খুলনায়

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২২:৩১
খুলনায় হেফাজতে ইসলামের বিভাগীয় মহাসমাবেশ আগামীকাল শনিবার নগরীর ডাকবাংলো মোড়ে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে বিভাগের ১০ জেলায় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত এ মহাসমাবেশ চলবে। এতে ৫ লাখ তৌহিদী জনতার উপস্থিত করার টার্গেট নেয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা গত বুধবার হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর মহাসমাবেশের অনুমতি দিয়েছেন। ১৩ দফা বাস্তবায়নের দাবিতে হেফাজতে ইসলামের ডাকে খুলনায় অনুষ্ঠেয় মহাসমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মহাসমাবেশকে সামনে রেখে পোস্টারিং ও হ্যান্ডবিল বিতরণ এবং মাইকিংসহ প্রচার-প্রচারণা চলছে। মহাসমাবেশ সম্পর্কে হেফাজতে ইসলামের খুলনা জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ যোবায়ের জানান, মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ওলামা-মাশায়েখ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে মহাসমাবেশের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর দারুল উলুম মাদ্রাসায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, ইসলাম ও মহানবী (স.) সম্পর্কে কটূক্তি ও অশালীন বক্তব্য দিয়ে মুসলমানদের হূদয়ে ক্ষতের সৃষ্টি করা হয়েছে। অবিলম্বে দায়ী নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবি মেনে নেয়া না হলে আগামীতে কেউ ক্ষমতায় আসতে পারবে না। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলাম খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি গোলামুর রহমান। এ সময় সংগঠনের স্থানীয় ও কেন্দ ীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. জুলফিকার আলী হায়দার জানান, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর নগরীর ডাকবাংলো মোড়ে সমাবেশ করার স্থান নির্ধারণ হয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে হেফাজতে ইসলাম সেখানে সভা করতে রাজি হয়েছে। আমরা আশা করছি শান্তিপূর্ণভাবে সমাবেশ সমপন্ন হবে।