আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিনা লাগার্দেকে তলব করেছে ফ্রান্সের একটি আদালত। দেশটির অর্থমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে তলব করা হয়। তবে ক্রিস্টিনা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। খবর বিবিসির। ক্রিস্টিনার বিরুদ্ধে অভিযোগ, ২০০৮ সালে ফ্রান্সের অর্থমন্ত্রী থাকার সময় বার্নার্ড ট্যাপি নামের এক ব্যবসায়ীকে ৪ শত মিলিয়ন ইউরোর সমপরিমাণ আর্থিক সুবিধা দিয়েছিলেন। ২০১১ সালে তিনি আইএমএফ প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তদন্তের স্বার্থে গত মাসে ক্রিস্টিনার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় তদন্তকারীরা। তবে তার বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ক্রিস্টিনার আইনজীবী ইভেস র্যাপিকুয়েত বলেন, এখন ক্রিস্টিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আদালতে ব্যাখ্যা দেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে আইএমএফের পক্ষ থেকে গত মাসে এক বিবৃতিতে বলা হয়, সংস্থার নির্বাহী বোর্ড মনে করে, ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা যথাযথভাবেই তার কর্তব্য পালন করছেন।
