গাইবান্ধা পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ ৬ জনের নামে দুদকের মামলা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২২:৩৩
দুর্নীতির অভিযোগে গাইবান্ধার গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এবং ঠিকাদারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বুধবার রংপুর দুদকের উপ-পরিচালক মো. আব্দুল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন এবিএম জালাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, তাজুল ইসলাম, মমিনুল ইসলাম, ওমর ফারুক ও সরোয়ার শাহীন। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, নির্বাহী প্রকৌশলীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করেছে। মামলার আসামিরা জালিয়াতি করে গাইবান্ধা জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ নির্মাণ প্রকল্পে ঠিকাদারের ৫ কোটি ৬২ লাখ টাকার বিল পাসের মাধ্যমে সেই ঠিকাদারকে ৪ কোটি ৭৪ লাখ টাকা অগ্রিম প্রদান করেন। এতে দণ্ডবিধি ১২০খ/৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।