পারভেজ মোশাররফ যে কোন সময় গ্রেফতার

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২২:৩৬
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে যে কোন সময় গ্রেফতার করা হতে পারে। পাকিস্তানের লাহোর হাইকোর্ট গতকাল বৃহস্পতিবার সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের জামিন বাতিল করে গ্রেফতারের নির্দেশ দেয়। আদালতের এই নির্দেশের পরপরই তিনি আদালত ত্যাগ করেন। আদালতের এই নির্দেশের পর পারভেজ মোশাররফের অফিসের এক বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে রাষ্ট্রের কিছু স্তম্ভের মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করা হয়েছে এবং দেশকে অস্থিতিশীলতার মুখে ঠেলে দেয়া হয়েছে। খবর এএফপি, ডন ও এনডিটিভির। ২০০৭ সালে ক্ষমতায় থাকাকালে বিচারকদের বরখাস্ত করার বিতর্কিত আদেশের জন্য পারভেজ মোশাররফকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়। এ সময় মোশাররফ আদালতে উপস্থিত ছিলেন। আদালতের রায় ঘোষণার পর তিনি তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের পাহারায় দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তিনি কোনো বাধার সম্মুখীন হননি। দেশটির সর্বোচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তার রাজনৈতিক দল অল পাকিস্তান মুসলিম লীগের মুখপাত্র। তিনি বলেন, নির্দেশ বহাল থাকলে কর্তৃপক্ষ সাবেক এই জেনারেলকে ইসলামাবাদে তার নিজ বাড়িতে গৃহবন্দী রাখবে। গত সপ্তাহে আত্মসমর্পণের পর মোশাররফকে আদালত ছয়দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল। ২০০৭ সালে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার জন্য ষড়যন্ত্র এবং ২০০৬ সালে এক সামরিক অভিযানের মাধ্যমে এক বালুচ নেতাকে হত্যার মামলায় তিনি জামিনে আছেন। তিনি চার বছর ধরে দুবাই ও লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত ২৪ মার্চ দেশে ফেরেন। গত মঙ্গলবার সর্বশেষ মনোনয়নপত্র বাতিলের মাধ্যমে আদালত তাকে আগামী ১১ মে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করেন।