বোস্টন ম্যারাথনে বোমা হামলায় নিহতদের স্মরণ অনুষ্ঠানে ওবামা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২২:৩৮
যুক্তরাষ্ট্রের বোস্টনে বোমা হামলায় নিহতদের স্মরণসভায় যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে এ ঘটনার সঙ্গে দুইজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। খবর সিএনএনের। গতকাল বৃহস্পতিবার সকালে স্মরণসভায় বোস্টন হামলার তদন্তের সার্বিক দিক নিয়ে ভাষণ দেন ওবামা। তিনি হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাত্ করেন। তদন্ত দলের সদস্যরা বলছেন, তারা ভিডিও ফুটেজ থেকে সম্ভাব্য হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বুধবার একজনকে গ্রেফতার করার কথা প্রথমে জানা গেলেও পরে এফবিআইয়ের পক্ষ থেকে সেটি অস্বীকার করা হয়। প্রায় একশত কর্মকর্তা বোমা হামলার তদন্ত করছেন। তদন্ত দলের এক সদস্য জানিয়েছেন, বোমা হামলার আগের একটি ভিডিও থেকে তারা দুইজনকে চিহ্নিত করতে পেরেছেন। ভিডিও ফুটেজে হামলাস্থলে এক ব্যক্তিকে একটি ব্যাগ রেখে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যাগে বিস্ফোরক ছিল। এর আগে তদন্তকারীরা জানান, বোস্টনের একটি টিভি চ্যানেলের ভিডিও থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গত সোমবার ম্যাসাচুসেটসের বোস্টন ম্যারাথনের শেষ প্রান্তে পরপর দুটি বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও ১৮৪ জন আহত হয়। বিস্ফোরিত বোমা প্রেসার কুকারে তৈরি বলে তদন্ত সংস্থা জানায়। এদিকে হামলার পর নিহতদের পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়েছে। নিহতরা হলেন রিচার্ড মার্টিন (৮), ক্রিস্টেল ক্যাম্পবেল (২৯) এবং চীনের ছাত্র লু জিনঝি।