গ্রিসে বাংলাদেশি শ্রমিকদের ওপর গুলি

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২২:৩৯
গ্রীসের একটি স্ট্রবেরি খামারে কর্মীরা বকেয়া বেতনের দাবিতে জড়ো হলে সেখানকার একজন সুপারভাইজারের চালানো গুলিতে ৩০ জন আহত হয়েছেন। আহত কর্মীদের বেশিরভাগই বাংলাদেশি। তাদের কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় খামার মালিক ও সংশ্লিষ্ট সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বুধবার রাতে পশ্চিম গ্রীসে এথেন্স থেকে ২৬০ কিলোমিটার দূরে নিয়া মানোলাদা এলাকায় পেলোপন্নেসিয়ান গ্রামের এক খামারে এ ঘটনা ঘটেছে। ঐ খামারে কমর্রত প্রায় দুইশ কর্মী তাদের বকেয়া বেতনের দাবি জানাতে জড়ো হলে খামারের একজন সুপারভাইজার তাদের উপর গুলি চালায়। এতে ৩০ জন কর্মী আহত হয়। তাদের চিকিত্সার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। গ্রীসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জামাল হুসেইন জানান, আহত বাংলাদেশি কর্মীদের দেখতে তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি বলেন, প্রাথমিক চিকিত্সার পর ১৬ জনকে ছেড়ে দেয়া হয়েছে তবে সাতজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। এ ঘটনায় খামারের মালিক এবং ঐ সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে এবং খামারের আরো দুই জন কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। এদিকে, এ ঘটনাকে নজিরবিহীন ও ধ্বংসাত্মক বলে মন্তব্য করে নিন্দা জানিয়েছে দেশটির সরকার। উল্লেখ্য, গ্রীসের ঐ এলাকায় হাজার হাজার অভিবাসী কর্মী কাজ করেন। এখানে অভিবাসী শ্রমিকদের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনা আগেও ঘটেছে। এখানকার খামারে অমানবিক কাজের পরিস্থিতির প্রতিবাদে ২০০৮ সালে শ্রমিকরা হরতাল করে।