তালায় মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসন বিষয়ক পথনাটক প্রদর্শিত হয়েছে। বেসরকারি সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের (ডব্লিউজেসিসি) ও উত্তরণ এর বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠিত পথনাটক উপজেলার ধানদিয়া, নগরঘাটা, জালালপুর, খেশরা, মাগুরা, খলিশখালী, কুমিরা ও তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে প্রদর্শিত হয়।
“উত্তর দাও শুকুরালী” নামের পথনাটকটির মাধ্যমে সমাজে কিভাবে বাল্য বিবাহ, বহু বিবাহ, নারী নির্যাতন, যৌতুক, পারিবারিক নির্যাতনের ঘটনা ঘটে এবং কিভাবে তা রোধ করা যায় সেটি দেখানো হয়। এছাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধিতে ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও নাটকটি প্রদর্শিত হয়। এসময় ডব্লিউজেসিসি’র প্রধান নির্বাহী আশরাফুন্নাহার আশা, ভিএসও প্রতিনিধি স্যানিশ পাপাচান, উত্তরণ কর্মকর্তা শম্ভু চৌধুরী, ডব্লিউজেসিসি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, মোঃ ওয়ালিউল্লাহ, প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আলাউদ্দীন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বরবৃন্দ, সংস্থার কর্মী, সুশীল সমাজ কমিটির প্রতিনিধিসহ এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিশু উপস্থিত ছিলেন।
