রোজ দাঁত ব্রাশ না করলে ক্যাভিটি ও দাঁতে ব্যথা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ১৯:২৭
দাঁতের সঠিক যত্ন নেওয়া সুস্থ, নীরোগ শরীরের জন্য একান্তই গুরুত্বপূর্ণ। দাঁতের সঠিক যত্ন না নিলে দেখা দিতে পারে নানা সমস্যা এবং অসুখ। দাঁতে ক্যাভিটি, দাঁতে ব্যথা, মুখে গন্ধ হওয়ার সাথে সাথে অনেক সময় দাঁত না মাজার কারণে পেট খারাপ হতে পারে। এমন অনেকেই আছেন যারা কখনও ভুলবশত বা আলস্যতার কারণে প্রতিদিন দাঁত মাজেন না। ভাবেন হয়ত মাউথ ওয়াস দিয়ে মুখ ধুয়ে নিলে অথবা মুখে পিপারমেন্ট কিংবা মুখে চুইংগাম নিলেই হবে। বলা বাহুল্য, এমন অভ্যেস অথবা চিন্তা ভাবনা একেবারেই ভুল। ব্রাশ করার পরিবর্তে মাউথ ওয়াস দিয়ে মুখ ধুলেই দাঁতের সঠিক যত্ন হবে না। আমরা যখনই কোন খাবার খাই সেই খাবারে কম বেশি চিনি থাকেই। আর এই চিনি বা মিষ্টি জাতীয় খাবার থেকেই দাঁতের সমস্যা হতে পারে। মিষ্টি জাতীয় খাবার অথবা সফট ড্রিংকস নিয়মিত খেলে আপনার দাঁত ক্রমাগত অ্যাসিডের সংস্পর্শে আসে। এর ফলে আপনার দাঁতের এনামেল ক্ষতিগ্রস্থ হয়। তাই এইসব জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে যাওয়াই ভাল। আর মাঝে মধ্যে খেলে পরে মনে করে দাঁত ব্রাশ করে ফেলতে হবে। দাঁতের সমস্যা বড়দের সাথে বাচ্চাদেরও দেখা যায়। কখনও কখনও বাচ্চাদের সমস্যা বড়দের থেকে একটু বেশির দিকেই। বাচ্চারা সাধারণত চকলেট, চিপস, টফি, পেষ্ট্রি খেয়ে আর মুখ ধোয় না। আর ধীরে ধীরে মুখ না ধোয়াটা অভ্যেসে দাড়িয়ে যায়। যার ফলে ৮০ শতাংশ বাচ্চার দেখা যায় দাঁতে ক্যাভিটির মত সমস্যা। বাচ্চারা অবুঝ হতেই পারে। সে ক্ষেত্রে দায়িত্বটা মা বাবার উপর বর্তায়। তাদের প্রতিদিন নিয়ম করে দু’বার ব্রাশ করতে বলা, কোন কিছু খাওয়ার পর মুখ ধুয়ে ফেলা ইত্যাদি শেখাতে হবে। আর বাচ্চাদের মধ্যে এই নিয়ম তখনই গড়ে উঠবে যখন তারা দেখবে তার বাবা, মা এছাড়াও পরিবারের অন্যদেরও এই নিয়ম মেনে চলছে। কী করবেন প্রতিদিন নিয়ম করে দিনে দু’বার, রাত্রে আর সকালে অবশ্যই দাঁত ব্রাশ করা উচিত্। কোন মিষ্টি জাতীয় খাবার, যেমন চকলেট, ক্যন্ডি, এবং যে কোন ধরণের সফট ড্রিংকস খাওয়ার পরে অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। যদি ঘরের বাইরে থাকেন তাহলে মাউথ ওয়াস দিয়ে ভাল করে মুখ ধুয়ে ফেলবেন। ৬ মাস অন্তর ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত দেখাবেন। শুধু দাঁত নয় দাঁতের মাড়িও ভালভাবে পরিস্কার করবেন। দুই দাঁতের মাঝখান থেকে খাবারের কনা বের করার জন্য ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন। প্রতিদিন অন্তত একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করা উচিত্।