সুন্দরবনের শেলা নদীর আন্ধার মানিক এলাকায় ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকার জাহাজ উদ্ধার করা হলেও এর ভেতর থেকে কোন তেল পাওয়া যায়নি। ফলে প্রায় ২ কোটি টাকা মূল্যের ফার্নেস অয়েল লোপাটের ঘটনায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ট্যাংকারের স্টাফরা পরস্পর যোগসাজশে আগে থেকে ওই তেল পাচার শেষে তেল লুটপাটের কল্পকাহিনী সাজিয়েছে। এ দিকে তেল পাচারসহ জাহাজটি ডুবিয়ে দেয়ার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ট্যাংকারের ৪ স্টাফকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ আরো দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
ট্যাংকারের স্টাফরা জানিয়েছিলেন, খুলনার যমুনা অয়েল ডিপো থেকে ২ লাখ ৮৮ হাজার লিটার ফার্নেস অয়েল নিয়ে কার্গো জাহাজ নাজমা নাহার-১ গোপালগঞ্জের একটি পাওয়ার প্লান্টে যাওয়ার পথিমধ্যে সুন্দরবনের শেলা নদীর আন্ধার মানিক এলাকায় অবস্থান নেয়। মঙ্গলবার রাতে ওই ট্যাংকারে মুখোশ পরা একদল সশস্ত্র ডাকাত তাদের উপর চড়াও হয়ে চেতনানাশক ইনজেকশন দিয়ে জাহাজে থাকা পুরো জ্বালানি তেলসহ অন্যান্য মালামাল লুটে নেয় এবং ডুবিয়ে দেয়ার জন্য জাহাজটির তলা ফুটো করে দেয়।
