দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া এ বছরের মতো শেষ হতে আর বেশি বাকি নেই। তবে সেই সময় আসার আগেই উত্তর কোরিয়া আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর প্রস্তাব দিয়েছে । -খবর ডয়েচে ভেলের।
কোরীয় উপদ্বীপে এ মহড়া শুরু হওয়ার পর থেকেই এ নিয়ে উত্তেজনা দেখা দেয় দুই কোরিয়া আর যু্ক্তরাষ্ট্রের মধ্যে। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং তাদের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালানোর হুমকি, তারপর প্রতিপক্ষ দুই দেশের তরফ থেকে আবার পাল্টা হুমকি এসব চলছে গত কয়েক মাস ধরেই। কিন্তু মহড়া যখন শেষ হওয়ার পথে, তখনই উত্তর কোরিয়ার পক্ষ থেকে এসেছে আলোচনার মাধ্যমে সঙ্কট নিরসনের প্রস্তাব। সঙ্গে এমন কিছু শর্তও জুড়ে দিয়েছে যেগুলো পূরণ হবে বা পূরণ করা এ মুহূর্তে প্রায় অসম্ভব।
উত্তর কোরিয়ার প্রধান দাবি, তাদের ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সে দেশের জাতীয় নিরাপত্তা কমিশনের বিবৃতিতে আরো বলা হয়েছে, দাবি অনুযায়ী কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করা এ এলাকা থেকে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র সরিয়ে নিলেই কেবল সম্ভব। যুক্তরাষ্ট্র সবসময়ই বলে আসছে, কোরীয় উপদ্বীপে তাদের কোনো পরমাণু অস্ত্র নেই।
